মুন্সিগঞ্জে ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে খালের পাশে একটি ঝোপের মধ্যে দুটি বালতির ভেতরে ককটেলগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো তৈরি করা হয়েছে। এর আগেও মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের ২ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা বিশৃঙ্খলা করছিল। সে সময়ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ককটেলগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে নিষ্ক্রিয় করা হবে— বলেন আবুল কালাম আজাদ।

আগামী ২৮ নভেম্বর মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।