মুন্সিগঞ্জ: ২ কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি স্বতন্ত্র প্রার্থীর
মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২টি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান জনেট। ২ কেন্দ্রের ভোট পুনরায় গণনা ও যাচাই বাছাইসহ পুনরায় নির্বাচনের আয়োজন করতে সোমবার বিকেলে ঢাকায় প্রধান কমিশন সচিবালয়ে তিনি লিখিত আবেদন করেছেন।
আবেদনে তিনি বলেন, কোলাপাড়া ইউনিয়ন পরিষদের ভোট গণনায় অধিকাংশ কেন্দ্রে প্রাপ্ত ভোটের কোন লিখিত হিসাব এজেন্টদের দেওয়া হয়নি। ৫ নম্বর ওয়ার্ডে ৩৫টি বাতিল ভোট গণনা করা হয়। পরে জোরপূর্বক ১৪২টি ভোট নষ্ট করা হয়।
তিনি বলেন, 'আমি ৯ নম্বর ওয়ার্ডে ২০৭ ভোটে এগিয়ে থাকি। কিন্তু আমার এজেন্টদের লাঞ্ছিত করে আমাকে উল্টো ১৩৮ ভোটে পরাজিত দেখানো হয়।'
দ্য ডেইলি স্টারকে তিনি অভিযোগ করে বলেন, 'সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে যোগাযোগ করে সাড়া পাইনি। এ জন্য ঢাকার নির্বাচন কমিশনে গিয়ে লিখিত অভিযোগ করেছি।'
এ বিষয়ে রিটার্নিং অফিসার ছাজিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আইনগতভাবে কোন নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ৫ নম্বর ফুলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৫২০ ভোট এবং ৯ নম্বর দক্ষিণ পাইকসা পূর্বপাড়া সরকারি বিদ্যালয়ে ৩০৫ ভোট।
১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কোলাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম বাবু ৩ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান জনেট পেয়েছেন ৩ হাজার ৫৮২ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নেছার উল্লাহ সুজন পেয়েছেন এক হাজার ৬০৬ ভোট।
মোস্তাফিজুর রহমান কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে পদ থেকে বহিষ্কার করা হয়।