যশোরে ‘নির্বাচন-পূর্ব সহিংসতায়’ আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের শার্শা উপজেলায় 'নির্বাচন-পূর্ব সহিংসতায়' আহত আলী ফকির (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিকেলে শার্শা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আলী ফকিরের বাড়ি উপজেলার পাঁচভূলাট গ্রামে। তার বাবা মৃত ইউছুফ আলী। আলী ফকিরের বড় ছেলে আলী হোসেন জানান, গত ২৩ অক্টোবর গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তবিবর রহমান মনোনয়ন নিতে সমর্থকদের নিয়ে যশোর গিয়েছিলেন। ফেরার পথে গোগা বাজারে আব্দুর রশিদ চেয়ারম্যানের সমর্থকরা তবিবর রহমানের সমর্থকদের ওপর হামলা চালালে ১২ জন আহত হন। আহতদের মধ্যে আমার বাবাও ছিলেন। ওই হামলার ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে। কিন্তু এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

বদরুল আলম আরও জানান, নির্বাচন-পূর্ব সহিংসহায় কয়েকজন আহত হওয়ার পরে একটি মামলা হয়েছিল। আজ সকালে আলী ফকির মারা যাওয়ায় তার বড় ছেলে বাদী হয়ে শার্শা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।