শৈলকূপায় ছুরিকাঘাতে নৌকার সমর্থক নিহত
ঝিনাইদহের শৈলকূপার সারুটিয়া ইউনিয়নে ছুরিকাঘাতে নৌকা প্রতীকের প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জসিম (৩০) পেশায় রঙমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় মিলন নামে আরও একজন আহত হয়েছেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বিকেলে জসিম ও মিলন বাড়ি ফিরছিলেন। হাটবাড়িয়া গ্রামে পৌঁছালে এক যুবক তাদের ওপর ছুরি দিয়ে হামলা চালায়।
এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত জসিম ও মিলনকে উদ্ধার করে স্থানীয়রা শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জসিম সেখানে মারা যান।
জসিম আসন্ন সারুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান মামুনের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
মাহমুদুল হাসান মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, 'জসীম আমার সমর্থক ছিল। বিদ্রোহী জুলফিকার টিপুর লোকজন তাকে হত্যা করেছে।'
এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী জুলফিকার টিপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক উল্লেখ করেলেও তার নাম প্রকাশ জানাননি ওসি।