ষষ্ঠ ধাপে ৫৪ শতাংশ চেয়ারম্যান পদে আ. লীগের প্রার্থী জয়ী

স্টার অনলাইন রিপোর্ট

দেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ৫৪ শতাংশ চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৪৪ শতাংশ পদে।

নির্বাচন কমিশন ২১৬টি ইউনিয়ন পরিষদের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে। এতে ভোটারের উপস্থিতি ছিল ৬৯ শতাংশ।

গতকাল সোমবার অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা ১১৭টি ইউনিয়নে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৯৫টিতে। এছাড়া জাতীয় পার্টি ৩টি ও জেপি ১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে জয় পেয়েছে।

এ পর্যন্ত ছয় ধাপে ৩ হাজার ৮৯৩টি ইউনিয়ন পরিষদের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে ইসি। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন ২ হাজার ১৩২টিতে এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ১ হাজার ৬৯২টিতে।

গত বছরের মাঝামাঝিতে ইউপি ভোট শুরুর পর ৬ ধাপের ভোটের মধ্যে প্রথম ৩ ধাপে আওয়ামী লীগ প্রার্থীরা বেশি ইউনিয়নে জয় পেয়েছিল। চতুর্থ ধাপে নৌকার ও স্বতন্ত্র প্রার্থীদের জয় সমান সমান হয়ে যায়। পঞ্চম ধাপে এগিয়ে যায় স্বতন্ত্র প্রার্থীরা। ষষ্ঠ ধাপে তারা পিছিয়ে পড়ল।

প্রথম ধাপে ২৬৭টি, দ্বিতীয় ধাপে ৮৩৪টি, তৃতীয় ধাপে ১০০৪টি, চতুর্থ ধাপে ৭৯৬টি, পঞ্চম ধাপে ৭০৭টি ও ষষ্ঠ ধাপে ২১৮টি ইউনিয়নে ভোট হয়েছে। সপ্তম ও শেষ ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি ভোট হবে ১৩৮টি ইউনিয়নে।

ষষ্ঠ ধাপে ২১৮টি ইউপির মধ্যে ২১৬টির ফলাফল হয়েছে, স্থগিত রয়েছে ২টিতে। ভোটের দিন কোনো ধরনের প্রাণহানি না ঘটায় সন্তোষ প্রকাশ করেছে ইসি।

দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীরাই আওয়ামী লীগের ছিলেন। তারা দলের ওপর অসন্তুষ্ট হয়ে আলাদা নির্বাচন করেছেন।