লালমনিরহাট

সদস্য প্রার্থীকে ‘হত্যার হুমকির’ অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুশান্ত সেনকে 'হত্যার হুমকি' দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আ. লীগ নেতা আব্দুস সাত্তারের বিরুদ্ধে।

গতকাল রোববার বিকেলে এ বিষয়ে আদিতমারী উপজেলা রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সুশান্ত সেন।

অভিযুক্ত আব্দুস সাত্তার ওই ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আ. লীগের সভাপতি।

আজ সোমবার বিকালে সুশান্ত সেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি আমার বাড়ির উঠানে গতকাল দুপুরে কয়েকজন ভোটারের সঙ্গে মতবিনিময় করছিলাম। এসময় অপর সদস্য প্রার্থী ও আ. লীগ নেতা সমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত হন। তিনি আমাকে গালিগালাজ করতে থাকেন এবং নির্বাচন থেকে সরে যেতে বলেন। না সরলে আমাকে হত্যার হুমকি দেন।'

তিনি আরও বলেন, 'আব্দুস সাত্তার ও তার সমর্থকরা আমাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন।'

স্থানীয়রা জানান, সুশান্ত সেন এমবিএ পাস করা একজন উচ্চশিক্ষিত যুবক। তিনি নির্বাচন করায় তার পক্ষে ভোটারদের সমর্থন আছে। অপর প্রার্থী ও আ. লীগ নেতা আব্দুস সাত্তার এটা বুঝতে পেরে সুশান্ত সেনকে নির্বাচন থেকে সরাতে নানা ষড়যন্ত্র শুরু করেছেন।

অভিযুক্ত ইউপি সদস্য প্রার্থী ও আ. লীগ নেতা আব্দুস সাত্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি সুশান্ত সেনকে হুমকি দিতে তার বাড়িতে যাইনি। আমি তার কাছে দোয়া চাইতে গিয়েছিলাম। তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। ওয়ার্ডে ভোটারদের কাছে আমার জনপ্রিয়তা আছে। তাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।'

আদিতমারী উপজেলা রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, 'আমি লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টির তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

আদিতমারী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলম বলেন, 'সেখানে কী ঘটেছে আমরা ঠিক জানি না। কিন্তু, যেহেতু লিখিত অভিযোগ উঠেছে তাই অভিযোগের সত্যতা পেলে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।'