সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ২
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় ১৩ বছর বয়সী বালকসহ ২ জন নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে এ সহিংসতার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনী সহিংসতার ২টি আলাদা ঘটনায় নলুয়া ইউনিয়ন ও বাজালিয়া ইউনিয়নে ২ ব্যক্তি নিহত হয়েছেন। বুলেটের আঘাতে একজনের মৃত্যু হয়েছে।'
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি।
এর আগে, ২ প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের কারণে নির্বাচন কমিশন খাগরিয়া গণি পাড়া সরকারি প্রাথমিক স্কুল এবং খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে।
ভোটগ্রহণ স্থগিতের বিষয়টি ডেইলি স্টারকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের প্রার্থী আখতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দীনের কর্মীরা সকাল সাড়ে ৯টায় উল্লেখিত ভোটকেন্দ্র দুটির সামনে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় দলই ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়।
ওসি আব্দুল জলিল জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা এই ২ ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।