সিইসি নূরুল হুদাসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়ন পরিষদের অধীনে একটি ওয়ার্ডের ফল প্রকাশ না করার নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ ৫ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
আদেশ লঙ্ঘন করে আদালত অবমাননার জন্য কেন তাদের শাস্তি দেওয়া হবে না আগামী ৪ সপ্তাহের মধ্যে তা ব্যাখ্যা করতে বলেছেন হাইকোর্ট।
যে চারজনের বিরুদ্ধে এই রুল জারি করা হয়েছে তারা হলেন- নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খন্দকার, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ আলম এবং সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার রতন কুমার কান্তি।
পোমরা ইউনিয়নের সদস্য প্রার্থী আহমেদ কবিরের আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল জারি করেছেন।
রিট আবেদনকারীর আইনজীবী আবুল কাশেম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'হাইকোর্টের আদেশ লঙ্ঘন করে ইসি গত ২৩ ডিসেম্বর নির্বাচনের ফলের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে।'
আদালতে শুনানি আবেদনকারীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন এবং আবুল কাসেম।
আহমেদ কবিরের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট সিইসিকে তার (কবির) জমা দেওয়া আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচনী ফলাফলের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ না করারও নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।