সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত মেম্বার প্রার্থীর ভাইয়ের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় নির্বাচনী সহিংসতায় আহত জাকির হোসেন মোল্লা (৫০) মারা গেছেন। জাকির হোসেন চৌহালি উপজেলার খাস কাউনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর মোল্লার ভাই।

এ ঘটনায় পুলিশ প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী আব্দুল হাকিমকে আটক করেছে।

চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, রোববার চতুর্থ দফায় নির্বাচন চলার সময় খাস কাউনিয়া ইউনিয়নের কুরকি ভোট কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর ও আব্দুল হাকিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হয়। সংঘর্ষে জাকিরের মাথায় আঘাত লাগে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।