সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত ১০
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর এবং ১০ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গোলাম রসুল (৩৫) ও শাকিল হোসেন (২৫) নামের ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্ণিমাগাতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আল আমিন সরকার দ্য ডেইলি স্টারকে জানান, দুপুরে পূর্ণিমাগাতি ইউনিয়নের পুকুরপাড় এলাকায় তার নির্বাচনী অফিস থেকে প্রচার শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন তার কর্মীরা। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল হাসানের লোকজন হামলা চালিয়ে নির্বাচনী অফিস ভাঙচুর করে এবং তার কর্মীদের মারধর করে আহত করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারা কোনো হামলা করেনি। বিদ্রোহী প্রার্থীর লোকজন নিজেরাই নিজেদের অফিস ভেঙ্গে আহত হওয়ার নাটক করছে।'
নৌকার প্রার্থীর পোস্টার নিয়ে আসার সময় এক কর্মীকে বিদ্রোহী প্রার্থীর লোকজন মারধর করে বলে পাল্টা অভিযোগ তোলেন তিনি।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনী প্রচার নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই কোনো মামলা করা হয়নি।'