সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব সংবাদদাতা, পাবনা

কঠোর নিরাপত্তার মধ্যে সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ৮টায়। বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তারা হলেন—ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেরিনা জাহান, জাতীয় পার্টি মনোনীত মুক্তার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন।

shahzadpur.jpg
আওয়ামী লীগ মনোনীত মেরিনা জাহান, জাতীয় পার্টি মনোনীত মুক্তার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'

সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল জানিয়ে তিনি বলেন, 'বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।'

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সিরাজগঞ্জ-৬ আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। নির্বাচনে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।

সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।