৪০ শতাংশ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী: নির্বাচন কমিশন
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ শতাংশ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার রাতে কমিশন বৃহস্পতিবারের সারা দেশের ইউপি নির্বাচনের ফল প্রকাশ করে।
এতে দেখা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা দ্বিতীয় ধাপের নির্বাচনে ভাল করতে পারেনি। প্রথম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ৭৬ শতাংশ জয়লাভ করলেও, এবার ৫৮ শতাংশ নৌকা প্রার্থী জয়ী হয়েছেন।
ইসি জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ভালো করেছেন। অন্তত ৪০ শতাংশ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। প্রথম ধাপে ২৪ শতাংশ স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছিলেন।
ইসির যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, দ্বিতীয় ধাপে ৮৩৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও, একটি ইউনিয়ন পরিষদের ফলাফল স্থগিত করা হয়েছে।
ইসির পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবারের নির্বাচনে ৪৮৬টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে ৮১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আর, ৩৩০ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। তাদের প্রায় সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলে দলীয় সূত্রে জানা গেছে।
নির্বাচনে জাতীয় পার্টির ১০ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ জন এবং জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয় পার্টি ও খেলাফত মজলিশের একজন করে প্রার্থী বিজয়ী হয়েছেন।
প্রথম ধাপের নির্বাচনে আওয়ামী লীগের ২৬৭ জন প্রার্থী বিজয়ী হন এবং তাদের মধ্যে ৭১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।