‘নোয়াখালীতে বিমান বন্দর করার পরিকল্পনা আছে সরকারের’
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেছেন, বিমানখাতে ইতোমধ্যে বড় ধরনের বিপ্লব হয়েছে। রানওয়েসহ পুরো এলাকাটি আমরা ঘুরে দেখেছি। নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা করছি আমরা।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার চরশুলকিয়া বিমান বন্দরের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেন, আমাদের মন্ত্রণালয় থেকে আগেও বিমান বন্দরের স্থানটি পরিদর্শন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আজ আবারও পরিদর্শনে এসেছি। বিমান বন্দর করার পরিকল্পনা আছে সরকারের। নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোজাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, নোয়াখালী-৬ (হাতিয়ার) সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম চৌধুরী সেলিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলমসহ অনেকে।