নড়াইলে হিন্দু বাড়িতে হামলার ঘটনায় সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ
ফেসবুক পোস্টের জের ধরে নড়াইলের দিঘলিয়ায় হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাম গণতান্ত্রিক জোট।
সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ সোমবার এক বিবৃতিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ঘটনার নেপথ্যের হোতাদেরও আইনের আওতায় আনা ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, সরকারের উদাসীনতা এবং ঘটনায় জড়িত ও পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা বেড়েই চলেছে। স্বার্থান্বেষীরা এসব ঘটনাকে তাদের স্বার্থে ব্যবহার করছে।
বিবৃতিতে নেতারা আরও বলেন, বর্তমান সরকারসহ অতীতের সরকারগুলোর কর্মকাণ্ড সমাজকে সাম্প্রদায়িকীকরণের ধারায় নিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
১৭ জুলাই ঢাকায় সিপিবির বিক্ষোভ
নড়াইলসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাস-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, হামলাকারী ও মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল ১৭ জুলাই বিকেল ৫টায় ঢাকার পুরানা পল্টন মোড়ে সিপিবির সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সমাবেশে সিপিবির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
নড়াইলের দিঘলিয়ায় হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারাও।
বাম জোটের সমন্বয়ক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক বিবৃতিতে বলেন, 'দেশে অব্যাহতভাবে সাম্প্রদায়িক সন্ত্রাস, শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটে যাচ্ছে। সরকার এ ক্ষেত্রে দৃশ্যত প্রায় নিষ্ক্রিয়-নির্বিকার ভূমিকা পালন করছে, যা এ জাতীয় ঘটনা বারবার সংগঠিত হওয়ার ক্ষেত্রে ইন্ধন দিচ্ছে।'
নেতারা অবিলম্বে এসব হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।