পটুয়াখালীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছে ১০৫৬ পরিবার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তার আওতায় এবার ঈদের আগেই নতুন ঘর পেতে যাচ্ছে পটুয়াখালীর ১০৫৬টি পরিবার।

আগামী ২৬ এপ্রিল  পরিবারগুলোকে ঘর ও জমির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আয়োজনে ‍যুক্ত হবেন।

আজ রোববার দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে পটুয়াখালীতে মোট ১৬১৬টি ঘর বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে ১০৫৬টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। বাকি ৫০৬টি ঘরের নির্মাণকাজ চলমান আছে।

এগুলোর মধ্যে রাঙ্গাবালীতে ৫২০টি, গলাচিপায় ২১০টি, কলাপাড়ায় ১৩৭ টি, বাউফলে ১৩৫টি, পটুয়াখালী সদর উপজেলায় ৩৩ টি, মির্জাগঞ্জে ১১ টি এবং দশমিনায় ১০ টি ঘর আছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সিভিল সার্জন এস এম কবির হাসান, প্রমুখ।