পদ্মা সেতুর ৩ শতাংশ কাজ শেষ করতে হবে ৯১ দিনে
মার্চের শেষ দিন পর্যন্ত পদ্মা সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৯৭ ভাগ। ঘোষিত সময় অনুযায়ী চলতি বছরের ৩০ জুনের মধ্যে বাকি ৩ ভাগ কাজ শেষ করতে হবে। সে হিসাবে আর ৯১ দিন বাকি আছে।
মূল সেতুর কাজের চুক্তিমূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ৬৫০ কোটি টাকা। আর্থিক কাজের (ব্যয়) অগ্রগতি ৯৬ দশমিক ১ শতাংশ।
বৃহস্পতিবার বিকালে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের।
তিনি বলেন, নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৯০ দশমিক ৫০ শতাংশ ও আর্থিক অগ্রগতি দশমিক ৮২ দশমিক ৮৩ শতাংশ। নদী শাসন কাজের চুক্তি মূল্য ৮,৯৭২ দশমিক ৩৮ কোটি টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে ৭,৪৩১ দশমিক ৯৪ কোটি টাকা।
তিনি আরও জানান, সেতুর অবশিষ্ট ওয়াটার প্রুভিং মেমব্রেন কাজের অগ্রগতি ৮৮ দশমিক ৬৭ শতাংশ, মূল সেতুর কার্পেটিং হয়েছে ৬৫ দশমিক ৬৮ শতাংশ, সেতুতে ল্যাম্পপোস্ট কাজের অগ্রগতি ৭৬ দশমিক ৫২ শতাংশ, গ্যাস পাইপ লাইনের কাজের অগ্রগতি ৯৯ শতাংশ, ৪০০ কেভি বিদ্যুৎ লাইনের কাজের অগ্রগতি ৭৯ শতাংশ। সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজ পুরোপুরি শেষ হয়েছে। এ খাতে বরাদ্দ ১,৪৯৯ দশমিক ৫১ কোটি টাকা। ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ খাতে মোট বরাদ্দ ৪,৩৪২ দশমিক ২৬ কোটি টাকা। পরামর্শক, সেনা নিরাপত্তা, ভ্যাট-আয়কর, যানবাহন ও বেতন-ভাতা এবং অন্যান্য খাতে বরাদ্দ ২,৮৮৫ দশমিক ৩৬ কোটি টাকা। সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া এবং ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন, পরিবেশ ও অন্যান্য খাতে মোট ব্যয় হয় ৮ হাজার ৭১ দশমিক ১৪ কোটি টাকা।
অগ্রগতির ব্যাপারে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আরও বলেন, সেতুর ভায়াডাক্টে স্টিল ল্যাম্প পোস্ট স্থাপন কাজের অগ্রগতি ৫৭ দশমিক ৪৭ শতাংশ। রেইন ওয়াটার ড্রেনেজ পাইপ স্থাপন কাজের অগ্রগতি ৮০ শতাংশ।
পদ্মা সেতু প্রকল্পের মোট বাজেট প্রায় ৩০ হাজার ১৯৪ কোটি টাকা। ৩১ মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ২৭ হাজার ১৫৩ কোটি টাকা।