পদ্মা সেতু উদ্বোধন: খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের
নিয়মের মধ্যে পড়লে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, 'খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন। সুতরাং নিয়মের মধ্যে পড়লে তাকে অবশ্যই আমরা আমন্ত্রণ জানাব।'
তিনি আরও বলেন, 'নিয়ম-কানুন জেনে আমরা দেবো। তবে বিএনপি নেতারা দাওয়াত পাবে। তাদের অন্যান্য শরিক দল, বাম-ডান সবাই পাবেন। কার্ড আমরা দেবো, এটা জাতীয় সম্মানের প্রতীক, জাতির সক্ষমতার প্রতীক।'
আশা করেন তারা আসবে কি না, জানতে চাইলে কাদের বলেন, 'আশা-নিরাশার কোনো বিষয় না। আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি, দিস ইজ ভেরি ইমপরট্যান্ট।'
সেতুমন্ত্রী বলেন, 'আমি বলেছিলাম বিএনপি মহাসচিব, আপনাদের দলের তরুণ তুর্কিদের সামলাম। "পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার"—এ ধরনের স্লোগান দিলে হত্যা ও সন্ত্রাসের রাজনীতির পরিমাণ হবে ভয়াবহ।'
বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, 'যেভাবে চালাচ্ছেন, এভাবে যদি চলতে থাকে, পরিণতি কী হবে দেখতে পাবেন। পরিণতি কার খারাপ হবে সেটা বাস্তবেই দেখতে পাবেন।'
'বিএনপি একটি বড় দল। নির্বাচনে আসুক, প্রতিদ্বন্দ্বিতা আমরা চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচনে অংশ না নিয়ে আপনারা যদি মনে করেন হত্যা-সন্ত্রাস এই পথে থাকবেন, যদি মনে করেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতার মসনদে বসবেন—তাহলে এ রঙ্গিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে', বলেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'ফখরুল সাহেব এবং বিএনপির কিছু নেতা আবোল-তাবোল বলছেন। তাদের আসলে মাথা খারাপ হয়ে গেছে। তারা পদ্মা সেতু, মেট্রোরেল সহ্য করতে পারছে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাস র্যাপিড ট্রানজিট এগুলো তারা জীবনে দেখেওনি, করেওনি। শেখ হাসিনা করছেন, এ জন্য তাদের ক্ষোভ। তাদের বুকে বিষ ব্যথা। ব্যথার জ্বালায় জ্বলছে। তারা হিংসায় জ্বলছে সে জন্য উদ্ভট কথা-বার্তা চলছে।'