পদ্মা সেতু টোল প্লাজায় নির্বিঘ্নে চলছে যানবাহন
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজায় দক্ষিণবঙ্গগামী যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। কোনো রকম অপেক্ষা ছাড়াই দ্রুত সময়ের মধ্যে সেতুতে প্রবেশ করছে যানবাহন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কোথাও যানবাহনের ধীরগতিও নেই।
আজ শনিবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে।
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জয়ন্ত পোদ্দার দ্য ডেইলি স্টারকে জানান, সরাসরি টোল প্লাজায় আসছে যানবাহন। কোথাও থেমে থাকতে হচ্ছে না। টোল প্লাজায় গাড়ির চাপ না থাকার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে পদ্মা সেতুতে প্রবেশ করতে পারছে। তা ছাড়া সেতুতেও যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল যাতে সেতুতে প্রবেশ করতে না পারে, সেজন্য পুলিশ কাজ করছে। এ ছাড়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে চেকপোস্ট আছে। সেজন্য সেতু পর্যন্ত আসছে না মোটরসাইকেল।
হাসাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আলতাফ হোসেন ডেইলি স্টারকে জানান, এক্সপ্রেসওয়েতে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। ঢাকাসহ আশেপাশের জেলা থেকে আসা যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে।