পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বন্ধ
আশুগঞ্জ নদী বন্দর-আখাউড়া স্থলবন্দর চার লেন জাতীয় মহাসড়ক নির্মাণ কাজ করার সময় গ্যাস সরবরাহের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩ উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. রবিউল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।
এতে জেলা সদর, সরাইল ও আশুগঞ্জ এই ৩ উপজেলার আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে ২৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য জেলার এ ৩ উপজেলাতেই কেবল গ্যাস সরবরাহ আছে।
প্রকৌশলী মো. রবিউল আরও বলেন, 'ভেকু মেশিনের আঘাতে ৬০ পিএসআই ক্ষমতাসম্পন্ন গ্যাস পাইপ লাইন ছিদ্র হয়। তারপর থেকে প্রবল বেগে অনবরত গ্যাস নির্গত হচ্ছিল। তাই নিরাপত্তাজনিত কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।'
বাখরাবাদের একটি প্রকৌশল টিম এ সমস্যা সমাধানে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে বলে জানান তিনি।