পাটুরিয়া ঘাটে ২ কি.মি. ছোট গাড়ির লাইন

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও ছোট গাড়ির চাপ রয়েছে। পাটুরিয়া ঘাটের ৫ নম্বর পন্টুন এলাকা থেকে ছোট গাড়ির লাইন দীর্ঘ হয়েছে দুই কিলোমিটার। ফেরি পারের অপেক্ষায় ২ থেকে ৩ ঘণ্টা আটকে থাকতে হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার যাত্রীদের।

আজ শনিবার সকাল ৯টায় পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা ২ কিলোমিটার ছোট গাড়ির লাইন দেখা গেছে।

ব্যক্তিগত গাড়িতে গাজীপুরের টঙ্গী থেকে বাড়ি যশোরের যাচ্ছেন মুনতাছির মামুন। তিনি বলেন, সড়ক-মহাসড়ক কোথায় যানজট নেই। বিড়ম্বনায় পড়েছি পাটুরিয়ায় এসে। ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া এলাকায় ছোট গাড়ির লাইনে ঢুকিয়ে দিল পুলিশ সদস্যরা। সেখান থেকে পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর পন্টুন এলাকা পর্যন্ত ১০ কিলোমিটার পথে আসতে সময় লেগেছে ৩ ঘণ্টা।

প্রাইভেট কারে ঢাকা থেকে মাগুরা যাচ্ছেন সাদিয়া মামুন। তিনি বলেন, 'ভোর সাড়ে ৪টায় ঢাকার বাসা থেকে গাড়িতে উঠেছি। সকাল সাড়ে ৭টায় পাটুরিয়া ঘাটের ১০ কিলোমিটার দূরে টেপড়া আসি। ছোট গাড়ির লাইনে এসে ৩ ঘণ্টা আটকে আছি। আরও কিছুক্ষণ লাগবে ফেরিতে উঠতে। তবে, সড়ক-মহাসড়কে কোন যানজট নেই।'

আজ সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাট পার হওয়া দ্য ডেইলি স্টারের সাংবাদিক আব্দুল্লাহ আল আমীন বলেন, 'মানুষ বিভিন্ন লোকাল গাড়িতে ভেঙে ভেঙে এসে ঘাট পার হচ্ছেন। ছোট গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। তবে ঘাটের অবস্থা স্বাভাবিক আছে।'

তিনি বলেন, 'মানুষ বেশিরভাগ পার হচ্ছেন লঞ্চে, ফেরিতে চাপ কম। ঘাটের ওপারে দৌলতদিয়া অংশে প্রায় দুই থেকে আড়াইশ গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলো ভেঙে ভেঙে যাওয়া যাত্রীদের বহন করছে।'

এদিকে, লঞ্চেও যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। তবে, ৩৪টি লঞ্চ সচল থাকায় ঘাটে আসামাত্র লঞ্চে উঠে যেতে পারছেন বলে জানিয়েছেন আরিচা লঞ্চ ঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দী।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, 'যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২১টি ফেরি চালু থাকায় ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে।'

তিনি বলেন, 'পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায়, ঘাটে আসামাত্রই পার হয়ে যেতে পারছে দূরপাল্লার বাস ও জরুরী পণ্যবাহী গাড়ি। তবে, ছোট গাড়ির কিছুটা বেশি থাকায় ছোট গাড়ির যাত্রীদের কিছু সময় ঘাটে আটকে থাকতে হচ্ছে।'