পুলিশকে নিয়ে হুমকিমূলক বক্তব্য অনাকাঙ্ক্ষিত: সার্ভিস অ্যাসোসিয়েশন

স্টার অনলাইন রিপোর্ট

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

গতকাল মঙ্গলবার সই করা অ্যাসোসিয়েশনের সভাপতি ও এসবির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) গুলশান মো. আসাদুজ্জামানের বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয় আজ।

বিবৃতিতে বলা হয়, জঙ্গিবাদ দমনসহ দেশের প্রতিটি সংকটে মানুষের নিরাপত্তা নিশ্চিতে নিৰ্ভীক পুলিশ সদস্যরা দেশপ্রেমের দৃপ্ত শপথে বলীয়ান হয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ আজ যে কোনো বিবেচনায় নিরাপদ। ফলে বিদেশি বিনিয়োগসহ সকল প্রকার বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে আদর্শ স্থান হিসেবে বিবেচনা করছে।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় আইজিপি বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয়, বরং বাংলাদেশের অভ্যুদয় এবং মুক্তিযুদ্ধের সত্য ও সঠিক ইতিহাসের আলোকে বক্তব্য দিয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে।

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশ বিশ্বাস করে, রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করেন এবং করবেন। সভ্য সমাজ ব্যবস্থায় রাজনীতিবিদদের সম্মানের সঙ্গে দেখা হয় এবং বাংলাদেশ পুলিশ বরাবরই রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে আসছে। অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, মহান স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধের সূচনাকারী গর্বিত পুলিশ বাহিনীর প্রধান ও ডিএমপি কমিশনারের বিরুদ্ধে একটি দলের মহাসচিব ও দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন সমাবেশে এবং গণমাধ্যমে আপত্তিকর, আক্রমণাত্মক, বিভ্রান্তিকর ও বিব্রতকর বক্তব্য প্রদান করছেন যা পরিকল্পিত, অশোভনীয় ও উদ্দেশ্য প্রণোদিত।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতের বিভিন্ন সময়ে সরকার পরিচালনার দায়িত্ব পালনকারী একটি দলের নেতৃবৃন্দের মুখে পুলিশের মতো পেশাদার বাহিনী সম্পর্কে এই ধরণের হুমকি প্রদানপূর্বক বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অনভিপ্রেত। ভবিষ্যতে তারা এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান হতে বিরত থাকবেন এটাই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রত্যাশা করে।

শান্তিপ্রিয় সাধারণ মানুষ তাদের এ ধরণের বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাখ্যান করে আইনসংগত সকল কাজে পুলিশের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন বজায় রাখবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে বলে জানানো হয় বিবৃতিতে।