পুলিশ হেফাজতে হিমাংশুর মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি আসকের
লালমনিরহাটের হাতীবান্ধা থানায় পুলিশ হেফাজতে হিমাংশু রায়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানায়, লালমনিরহাটের হাতীবান্ধায় হিমাংশু নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং সুষ্ঠু তদন্তসাপেক্ষে পরিবারের অভিযোগ খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে হেফাজতে নির্যাতন ও মৃত্যু আইন ২০১৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছে।
গণমাধ্যমসূত্রে আসক জানায়, হিমাংশুর পরিবারের বক্তব্য অনুযায়ী, হিমাংশুর স্ত্রী সাবিত্রী রাণীর (৩০) রহস্যজনক মৃত্যুর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়, সেখানে পুলিশ হিমাংশুর কাছে ১ লাখ টাকা দাবি করে। পরিবারের দাবি, পুলিশের হেফাজতে হিমাংশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করে হিমাংশু আত্মহত্যা করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আসক জানায়, বাংলাদেশ সংবিধান এর ৩৫(৫) অনুচ্ছেদে, বিচার ও শাস্তির ক্ষেত্রে আইনি সুরক্ষার বিধান রাখা হয়েছে এবং বলা হয়েছে, কোন বাক্তিকে যন্ত্রণা কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেয়া যাবেনা।
সাংবিধানিক এ বিধান এবং একটি সুনির্দিষ্ট প্রতিকারমূলক আইন থাকা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে এ অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার হচ্ছে না। এতে নাগরিকের মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে বলে জানিয়েছে আসক।