পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ সংসদীয় কমিটির

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর পূর্বাচল এলাকার উন্নয়ন ও তদারকির জন্য পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৈঠকের সভাপতিত্ব করেন।

এতে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বজলুল হক হারুন, মো. মনোয়ার হোসেন চৌধুরী, সৈয়দা জোহরা আলাউদ্দিন ও ফরিদা খানম অংশ নেন।

বৈঠকে দেশের সব আবাসিক ও বাণিজ্যিক ভবনসহ হোটেলগুলোতে বাধ্যতামূলকভাবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) স্থাপনে আইন করার সুপারিশ করা হয়।

এসময় এসটিপি নির্মাণ সামগ্রীর ওপর আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনার সুপারিশ করা হয়।

এছাড়া, ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ থাকায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেয় সংসদীয় কমিটি।