প্রতিদিন ৩৫০ দরিদ্রের বাড়িতে ইফতার পৌঁছে দিচ্ছেন হানিফ
পটুয়াখালীর কলাপাড়ায় পথচারীসহ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এক যুবক। প্রথম রমজান থেকেই প্রতিদিন ৩৫০ জনের বাড়ি বাড়ি গিয়ে ইফতার বিতরণ করছেন টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের আবু হানিফ। অসহায় মানুষের জন্য একেকটি ইফতার বক্সে আছে ২৫ আইটেমের খাবার। খাবারগুলো বাড়িতেই তৈরি করছেন হানিফের পরিবারের সদস্যরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রতিদিন সকাল ১০টায় আবু হানিফের বাড়িতে ইফতার তৈরির কাজ শুরু হয়। মা কুলসুম বেগম ও স্ত্রী মুক্তা বেগমসহ পরিবারের নারী সদস্যরা এ ইফতার তৈরি করেন। পরে এ ইফতার প্যাকেট করে হানিফ ভ্যানে করে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেন।
তিনি বিভিন্ন আবাসনসহ অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার পৌঁছে দেন। এছাড়া পথচারীদের মাঝেও ইফতার বিতরণ করেন।
একেকটি ইফতার বক্সে রয়েছে ছোলা বুট, পেঁয়াজু, মুড়ি, বেগুনি, আলুর চপ, আলুর দম, ডিমের চপ, মাশরুমের চপ, কাটলেট, চিকেন বল, চিকেন ফ্রাই, আনারস, আপেল, মাল্টা, আঙ্গুর, পেয়ারা, খেজুর, তরমুজ, বাঙ্গি, শসা, কলা, নাশপাতি, কোয়েলের ডিম, চিকেন পাপেট ও পেপে।
ইফতার পেয়ে অনেকটাই খুশি হতদরিদ্ররা। নীলগঞ্জ খেয়াঘাট এলাকার ষাটোর্ধ্ব আছিয়া বিবি বলেন, 'হরেক পদের ইফতারের একটি প্যাকেট এক যুবক দিয়ে গেছেন। আমি তাকে তিনি না। তার জন্য আল্লাহর কাছে দোয়া করি।'
একই এলাকার বৃদ্ধ রহমান মিয়া বলেন, 'এ বছর হানিফ মিয়া আমাদের ২৫ ধরনের খাবারসহ ইফতারের প্যাকেট দিয়েছেন। এ ধরনের ইফতার আমরা আর কখনো পাইনি।'
এ প্রসঙ্গে হানিফের মা কুলসুম বেগম বলেন, 'ইফতার তৈরিতে আমাদের কোনো কষ্ট হয় না। আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় আমরা এ ইফতারগুলো তৈরি করি।'
তার স্ত্রী মুক্তা বলেন, 'নিজেদের হাতে ইফতার তৈরি করা, আবার সেগুলো অসহায় মানুষের মাঝে বিতরণ করা, এ কাজ করতে খুবই ভালো লাগে। অসহায় মানুষের জন্য হরেক পদের ইফতার তৈরি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।'
আবু হানিফ পেশায় একজন শিপিং ব্যবসায়ী। এই উদ্যোগ সম্পর্কে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'নিজস্ব অর্থায়নে আমাদের পরিবারের সদস্যরা মিলে নিজেদের হাতে তৈরি করা এসব ইফতার বিতরণ করছি। এভাবে সমাজের বিত্তবান মানুষেরা যদি অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন তবেই সমাজে অসহায় মানুষগুলো কিছুটা হলেও ভালো থাকবে।'