প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ভারত: জয়শঙ্কর

স্টার অনলাইন রিপোর্ট

ভারতের প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার যে পররাষ্ট্র নীতি রয়েছে তার মধ্যে বাংলাদেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও ভারতের সফররত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ বৃহস্পতিবার দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেছেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়শঙ্করকে উদ্ধৃত করে বলা হয়, মহামারির প্রভাবে বিশ্ব যখন স্থবির হয়ে ছিল তখনও বাংলাদেশ ও ভারত চমৎকার সম্পর্ক বজায় রেখেছে।

জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। কোভিড-১৯ মহামারি ও ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা এগিয়ে নেওয়ার ওপর তিনি জোর দিয়েছেন। তিনি বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনসহ বাংলাদেশের উদ্বেগের জায়গাগুলো নিয়ে ভারতের সহযোগিতার আশ্বাস দেন।

২০২১ সালে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনই বাংলাদেশ সফর করায় তারা দুজনই বছরটিকে দুই দেশের সম্পর্কের ল্যান্ডমার্ক বলে অভিহিত করেন। সে বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও ভারত তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে।

দুই দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। এই সম্পর্ককে শক্তিশালী করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্য তারিখ নিয়েও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, প্রতিবেশীদের মধ্যে ভারত বাংলাদেশের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে বেশ কয়েকটি ক্ষেত্রে দুই দশের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও তারা উল্লেখ করেন।

বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার মানসিকতা নিয়ে দুই দেশ বেশ কিছু পুরোনো সমস্যা সমাধান করেছে উল্লেখ করে মোমেন আশা প্রকাশ করে বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তিসহ অন্যান্য সব সমস্যা শিগগির মিটে যাবে।