প্রথমবারের মতো বিশ্ব খাদ্য সংস্থার এশিয়া-প্রশান্ত আঞ্চলিক সম্মেলনের আয়োজক বাংলাদেশ

স্টার অনলাইন রিপোর্ট

প্রথমবারের মতো খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সম্মেলনের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ।

আগামী ৮-১১ মার্চ ঢাকায় এফএও'র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৬তম আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার এফএও'র এশিয়া-প্রশান্তের যোগাযোগের প্রধান অ্যালান ডাও ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

১৯৭৩ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় (এফএও) যোগদানের পর বাংলাদেশে প্রথম এই সম্মেলন হতে যাচ্ছে।

অ্যালান ডাও আরও জানিয়েছেন, বৈশ্বিক করোনা মহামারির কারণে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হাইব্রিড ইভেন্ট হিসেবে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে অংশগ্রহণকারীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন।

এই অঞ্চলের মোট ৪৬ দেশ সম্মেলনে অংশ নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ মার্চ আয়োজক দেশের পক্ষে সম্মেলনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

আগামী ১০ ও ১১ মার্চ সম্মেলনে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।