ফরিদপুরে দালালের মাধ্যমে লিবিয়া যাওয়ার পথে ৩ তরুণ নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

দালালের মাধ্যমে লিবিয়া হয়ে নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় নিখোঁজ হয়েছেন ফরিদপুরের ৩ তরুণ।

ওই ৩ জনের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামে। তারা হলেন, বাবুর কাইচাইল গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফয়সাল মাতুব্বর (১৯), ইউনুস শেখের ছেলে সামিউল শেখ (২১) ও মাজেদ মিয়ার ছেলে নাজমুল মিয়া (২২)।

নিখোঁজ ৩ পরিবারের সদস্য ও এলাকাবাসী জানিয়েছে, লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি যাওয়ার জন্য গত বছরের ১৭ ডিসেম্বর বাড়ি থেকে বের হন ওই ৩ তরুণ।

প্রথমে ওই ৩ জনকে ঢাকায় নিয়ে যান দালাল চক্রের সদস্য নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ছোট নাওডুবি গ্রামের চৌধুরী মাতুব্বরের ছেলে ইলিয়াস মাতুব্বর, হান্নান মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর এবং চুন্নু মাতুব্বরের ছেলে সোহেল মাতুব্বর।

এই দালাল চক্রের সদস্য নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ছোট নাওডুবি গ্রামের চোধুরী মাতুব্বরের ছেলে শওকত মাতুব্বর এবং চানু মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর আগে থেকেই লিবিয়া রয়েছেন।

ওই ৩ জন গত ২৭ জানুয়ারি লিবিয়ায় তাদের কাছে পৌঁছেছেন বলে জানান। ওইদিনই তারা নগরকান্দার বাবুর কাইচাইল গ্রামে অবস্থানরত তাদের বাবা মায়ের সঙ্গে কথা বলেন। সেটিই ছিল বাবা ও মায়ের সঙ্গে শেষ যোগাযোগ। এরপর বাবুর কাইলাইল থেকে ওই ৩ তরুণের অভিভাবকরা তাদের সন্তানদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারেননি।

নিখোঁজ তরুণ সামিউল শেখের বাবা ইউনুস শেখ বলেন, 'দালাল চক্রের সদস্য প্রবাসী রাসেল ও শওকত আমাদের ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার নাম করে ঘুরাচ্ছে। তাদের সন্তান জীবিত আছে নাকি মারা গেছে, এ নিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি।'

নিখোঁজ ফয়সালের বাবা ফারুক মাতুব্বর জানান, দালালরা তার ছেলেকে বিদেশে নেওয়ার জন্য ১০ লাখ টাকা নিয়েছে। এভাবে ৩ জনের কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছে। লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার পর ছেলের সঙ্গে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। শেষ কথা হয় এ বছরের ২৭ জানুয়ারি।

তিনি আরও বলেন, 'খোঁজ নিতে দালালদের বাড়ি ছোট নাওডুবী গ্রামে যাই। সেখানে গিয়ে দেখি তারা সবাই ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে। প্রবাসী রাসেল ও শওকতকে বারবার ফোন দিলেও আমার ছেলের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছে না।'

লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নিখোঁজ হওয়ার খবরে নগরকান্দা উপজেলা ছোট নাওডুবি এলাকার দালাল চক্ররা রাতের আঁধারে গবাদি পশু, টাকাপয়সা, মূল্যবান জিনিসপত্র নিয়ে ঘরে তালা ঝুলিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত কাইচাইল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা খান বলেন, 'দালালদের খপ্পড়ে পড়ে তার ইউনিয়নের ৩ তরুণ নৌপথে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার কথা ছিল। যাওয়ার পথে ওই ৩ তরুণ হয়তো কোনো বিপদে পড়ে থাকতে পারেন। এর মধ্যে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মাতুব্বরের ছেলে ফয়সালও রয়েছেন। বিষয়টি নগরকান্দা থানায় জানানো হয়েছে।'

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, 'নিখোঁজের পরিবার গতকাল বিষয়টি মৌখিকভাবে আমাকে জানিয়েছে। আমি তাদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। লিখিত অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, 'এটি একটি মানব পাচারের ঘটনা। এর সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে মানব পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। প্রলোভনের ফাঁদে ফেলে বেকার তরুণদের বিদেশে নিয়ে তাদের বিপদে ফেলে লাভবান হচ্ছে এই চক্র।'