ফ্লাইট বিলম্ব: শাহজালালে ৮ ঘণ্টা ধরে হজ যাত্রীদের অপেক্ষা

স্টার অনলাইন রিপোর্ট

প্রায় ৮ ঘণ্টা ধরে ঢাকা বিমানবন্দরে বসে আছেন ৪ শতাধিক হজ যাত্রী। তারা শনিবার দুপুর ২টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বসে আছেন।

সাউদিয়া এয়ারলাইনের ফ্লাইট বিকেল ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে সেই ফ্লাইট ছাড়েনি। যে উড়োজাহাজটি ঢাকায় এসে যাত্রী নেওয়ার কথা ছিল সেটি শনিবার রাত পৌনে ১২টা পর্যন্ত এসে পৌঁছায়নি। নির্ধারিত সময় ফ্লাইট না ছাড়ায় বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন হজ যাত্রীরা।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় হজ যাত্রীদের নিয়ে যাবে সাউদিয়া।

ফ্লাইটের কমপক্ষে ৮ ঘণ্টা আগে হজ যাত্রীদের ক্যাম্পে আসতে হয়। সেখানে এয়ারলাইনের বোর্ডিং শেষে বাংলাদেশ প্রান্তের ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। এরপর ফ্লাইটের ২-৩ ঘণ্টা আগে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। সেখানে সৌদি ইমিগ্রেশন শেষ করে হজ যাত্রীরা উড়োজাহাজে উঠেন।

সাউদিয়া এয়ারলাইনের এসভি ৩৮১১ ফ্লাইটি ছেড়ে যাওয়ার কথা ছিল শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে। কিন্তু নির্ধারিত উড়োজাহাজটি ঢাকায় না আসায় ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। সাউদিয়া এয়ারলাইন একবার রাত ১১টায় ফ্লাইটের সূচি নির্ধারণ করলেও সেটি বাতিল করে। পরবর্তীতে শনিবার দিবাগত রাতে পুনরায় ফ্লাইট সূচি নির্ধারণ করা হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, সাউদিয়ার উড়োজাহাজটি কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। তবে যাত্রীদের খাবারসহ সব ব্যবস্থা করা হয়েছে। আশা করা যাচ্ছে, রাত সাড়ে ১২টায় ফ্লাইটটি ছেড়ে যাবে।