বকেয়া পাওনা পরিশোধের দাবিতে খুলনায় পাটকলশ্রমিকদের মানবন্ধন

নিজস্ব সংবাদদাতা, খুলনা

ঈদের আগেই বকেয়া পাওনা পরিশোধের পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনার শিববাড়ি মোড় এলাকায় পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য'র উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক নেতারা সরকারের পাটনীতি নিয়ে সমালোচনা করার পাশাপাশি তাদের বিভিন্ন দাবিদাওয়ার কথা তুলে ধরেন।

শ্রমিক নেতারা জানান, খুলনা অঞ্চলের পাটকলগুলো বন্ধ করে দেওয়ার ফলে প্রায় ৬০ হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। গত ২১ মাস ধরে তারা অমানবিক জীবন যাপন করছেন। শ্রমিকদের পাশাপাশি এই শিল্পসংশ্লিষ্ট প্রায় ৩ কোটি মানুষের জীবন ও জীবিকার উপর কালো ছায়া নেমে এসেছে। সরকার ৩ মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের ঘোষণা দিলেও এখনো তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য'র সমন্বয়ক রুহুল আমিন বলেন, 'পাটকল রক্ষায় চলমান আন্দোলনের অংশ হিসেবেই এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের প্রধান দাবি বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকল সরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করা ও ঈদের আগেই শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা।'

মানববন্ধন থেকে বক্তারা জানান, খুলনা অঞ্চলের ৫টি পাটকলের ১১ হাজার শ্রমিকের মজুরি বকেয়া আছে। এ ছাড়া দেশের অন্য ২০টি পাটকলের ১৮ হাজার বদলি শ্রমিকও পাওনা বুঝে পাননি।

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন খালিশপুর-দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটির সেক্রেটারি আলমগীর কবির, একই কমিটির সহসভাপতি আব্দুল হাকিম ও শামিম খান, নাগরিক নেতা আ ফ ম মহসিন, পাটকলশ্রমিক নেতা শফিউদ্দিন শফি, নিয়াজ মোর্শেদ, প্রমুখ।