বকেয়া বেতনের দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন, বোনাসের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছেন।
সোমবার সকালে সাভারের শ্যামপুর এলাকায় দীপ্ত অ্যাপারেলসের প্রায় এক হাজার শ্রমিক কারখানায় এসে কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ শ্রমিকদের কারখানার ভেতরে নিয়ে গেলে সেখানে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক জানান, গত মার্চ মাসের বেতন আমরা এখনো পাইনি, এছাড়াও বোনাসের টাকা, ছুটি, টিফিন বিলের টাকা প্রায়শই দেরিতে পরিশোধ করে কর্তৃপক্ষ। আমাদের দাবি যেন কর্তৃপক্ষ আমাদের এসব বিল সময়মত পরিশোধ করে। এই দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, কারখানাটিতে আনুমানিক তিন হাজার শ্রমিক রয়েছে। গত মাসের বেতন শ্রমিকরা এখনো পাননি, তাই আজ সকালে কারখানায় এসে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। মালিকপক্ষ ও শিল্প পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেছেন।
ঢাকা শিল্প পুলিশের উপপরিদর্শক মো. কোরবান আলী বলেন, বেতন, বোনাস, ছুটির টাকা, টিফিন বিলের জন্য সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। কারখানা কতৃপক্ষের সাথে কথা হয়েছে, আজকে দিনের মধ্যে গত মাসের বেতন তারা পরিশোধ করে দেবেন, বাকি দাবিগুলো সময় নিয়ে সমাধান করা হবে বলে জানিয়েছেন।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলার ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মোবাইলে মেসেজ পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।