বগুড়ায় বিসিকের কারখানা থেকে ২ নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার
বগুড়ায় বিসিক শিল্প নগরীর একটি ঢালাই কারখানার ম্যানহোল থেকে ২ জন নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ৩টায় কারখানার শ্রমিকরা মরদেহ দেখতে পেয়ে থানায় জানায়।
নিহত ব্যক্তিরা হলেন—আব্দুল হান্নান (৫৫) ও মো. সামছুল (৬০)। তারা বিসিক শিল্প নগরীর 'মাসুদ অ্যান্ড সন মেটালিক' নামে কারখানার নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন।
তাদের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, এর আগের দিন থেকে তারা নিখোঁজ ছিলেন।
বগুড়া বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মো. শাহিনুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক দিন আগে থেকে এই দুজন নৈশ প্রহরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ কারখানার লোকজন তাদের ম্যানহোলে মৃত অবস্থায় দেখতে পায়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা, কী কারণে তাদের হত্যা করেছে সেটা এখনো জানা যায়নি। কারখানার মালিক বলেছেন, এই ২ জন নিখোঁজ হওয়ার পর তাকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছে।