জেব্রার মৃত্যু: সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি কর্মকর্তা প্রত্যাহার

প্রকল্প পরিচালককে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু
স্টার অনলাইন রিপোর্ট

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাদের স্থলে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সামাজিক বন বিভাগ, ফরিদপুর সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, ডুলাহাজরা, কক্সবাজারের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাফারি পার্কে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের সার্থে দায়িত্বরতদের প্রত্যাহার ও বদলি করা হয়েছে বলে জানানো হয়।

তবিবুর রহমান এবং ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে বন অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে প্রত্যাহার, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানায় মন্ত্রণালয়।