বঙ্গবন্ধু সেতু: ২৪ ঘণ্টায় রেকর্ড সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়
বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর দুই পাড়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার টোল আদায় হয়েছে।
আজ শুক্রবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী।
বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুতে গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই পাড়ে টোলপ্লাজাতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। একই সময়ে ৪৩ হাজার ৫৯৫টি পরিবহন পারাপার হয়েছে। সেতুর পূর্ব টোলপ্লাজা দিয়ে উত্তরবঙ্গের দিকে ২৫ হাজার ১১৩টি পরিবহন পার হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ১৮ হাজার ৪৮২টি পরিবহন সেতুর পশ্চিমপাড় টোলপ্লাজা অতিক্রম করেছে। এ ছাড়া, ৬ হাজার ৩৪১টি মোটরসাইকেল সেতু পার হয়েছে।
এর আগে, ঈদুল ফিতরের সময় গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ২৭৪টি পরিবহন পারাপারের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী ডেইলি স্টারকে বলেন, 'এবার সেতুতে যে পরিমাণ টোল আদায় হয়েছে, সেটা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।'