বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা দিলো সেনাবাহিনী

স্টার অনলাইন রিপোর্ট

সিলেটসহ উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সেনাবাহিনীর সদস্যদের একদিনের বেতনের সমান অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গতকাল বুধবার সেনাপ্রধান গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ১০ কোটি টাকার চেক তুলে দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার মাধ্যমে দুর্গত এলাকার মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সক্রিয় ভূমিকার পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।