বরগুনায় ২ টাকায় ইফতার
বরগুনার তালতলীতে রমজান মাস জুড়ে অসহায় ও সুবিধা বঞ্চিতদের মধ্যে ২ টাকায় ইফতার বিতরণ করছেন মো. তারেকুজ্জামান হাওলাদার নামে এক ব্যবসায়ী।
নিজ উদ্যোগে রমজানের প্রথম দিন থেকেই প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মাত্র ২ টাকায় দরিদ্র, অসহায় মানুষের হাত তুলে দিচ্ছেন ৭ রকমের ইফতার সামগ্রী। প্রতিদিন ১৫০ প্যাকেট ইফতার বিক্রি করা হয় বলে জানান তিনি।
জানা যায়, 'পবিত্র রমজান মাসে, অসহায় রোজাদারদের পাশে' এই স্লোগানে স্থানীয় অসহায়, সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের রোজাদারদের মুখে সুস্বাদু ইফতার পৌঁছে দিচ্ছেন স্থানীয় ঠিকাদার মেসার্স হাওলাদার ট্রেডার্সের মালিক মো. তারেকুজ্জামান হাওলাদার। ওয়ান টাইম ফুড বক্সে দেওয়া ৭ ধরনের ইফতার সামগ্রী প্রতিদিন ২ টাকার বিনিময়ে কিনে নেন এলাকার অসহায় ও দরিদ্র মানুষেরা।
আয়োজকরা জানান, এই বছরের মতো আগামীতেও প্রতি বছর রোজার প্রথম দিন থেকেই এ কার্যক্রম শুরু হবে।
দুই টাকার ইফতার বক্স পেয়ে এক রিকশাচালক বলেন, 'আমরা যারা নিম্ন আয়ের মানুষ তারা ইচ্ছা করলেও এমন ইফতার কিনতে বা নিজেদের ঘরে তৈরি করতে পারিনা। তাই এখান থেকে প্রতিদিন ইফতার নিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে এক সঙ্গে ইফতার করি।'
মেসার্স হাওলাদার ট্রেডার্স মালিক মো. তারেকউজ্জামান বলেন, 'সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে রমজান মাসে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিনই আমার বাড়িতে ৭ ধরনের ইফতার তৈরি করে অনটাইম ফুড বক্সে ভরে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ২ টাকা নিয়ে এই ইফতার বিতরণ করা হয়।'
তিনি আরও বলেন, প্রতিবছরই সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এভাবে সমাজের স্বচ্ছল ব্যক্তিরাও সমাজের নিম্ন ও স্বল্প আয়ের মানুষের সেবায় এগিয়ে এলে তাদের দুর্বিসহ জীবনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।'