বরিশালে হাসপাতালে নার্সকে মারধর, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) নার্সকে মারধরের ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে প্রত্যাহার করে টুরিস্ট পুলিশের সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া এই তিন জন হলেন — টুরিস্ট পুলিশ বরিশাল এর পরিদর্শক বুলবুল আহম্মেদ কনস্টেবল জাভেদ ও মেহেদী।

বৃহস্পতিবার রাতে বরিশালের টুরিস্ট পুলিশ সুপার মো. রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে রাতে সড়ক দুর্ঘটনায় আহত এক সদস্যকে হাসপাতালে ভর্তির সময় অভিযুক্তরা এক নার্সকে বেদম প্রহার করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত নার্স সাইফুল ইসলাম জানান, রোগীর নাম জানতে চাইলেই দুই তিন জন রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, চেয়ার দিয়ে পেটায় ও কিল ঘুষি মারে।

এর প্রতিবাদে নার্সরা বৃহস্পতিবার সকাল থেকে শেবাচিম হাসপাতালের পরিচালকের রুম ঘেরাও করে রাখে। পরে বিচারের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে।

স্বাধীনতা নার্সেস পরিষদের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার বলেন, এভাবে নিজের কর্মস্থলেই যদি আমাদের মার খেতে হয় তাহলে আমরা কীভাবে দায়িত্ব পালন করব।