বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের (বিডিএমএ) ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদকে আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের মো. আজিম হোসেনকে সদস্যসচিব করে গতকাল শনিবার এ কমিটি গঠন করা হয়।

দেশের ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত পেশাজীবীদের নিয়ে গঠিত এ সংগঠনের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন দীপ্ত টিভির মোহাম্মদ আবু নাসিম, চ্যানেল ২৪-এর রিয়াজুল আলম রাব্বী, মাছরাঙা টেলিভিশনের মো. তামজিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের পলাশ দাস, ঢাকা পোস্টের মো. হাসিবুল হাসান, একুশে টেলিভিশনের জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডিবিসি নিউজের কামরুল ইসলাম রুবেল।

একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট উপকমিটিও গঠন করা হয়েছে। কমিটির সদস্যেরা হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) পত্রিকার আজাদ বেগ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মিল্লাত হোসেন, নাগরিক টিভির রবি শঙ্কর দাস, জাগো নিউজের জিয়া উদ্দিন ও এনটিভি অনলাইনের আবু এহসান সিদ্দিক রাজ।

রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে আরও উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাহফুজুর রহমান, মোহনা টিভির মোশাররফ খান বাদল, নয়া শতাব্দীর মেহেদি হাসানসহ টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের ডিজিটাল বিভাগের দায়িত্বশীল ও শীর্ষস্থানীয় ব্যক্তিরা।

গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সঠিক রূপরেখা তৈরিতে কাজ করবে বিডিএমএ। এছাড়া ডিজিটাল মিডিয়ায় নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা, ফেসবুক-ইউটিউবের কপিরাইট ম্যানেজমেন্টকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা, নতুন কর্মপন্থা, সোশ্যাল মিডিয়াকে আরও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সারা দেশের গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং সবার জন্য নিরাপদ গণমাধ্যমের আধেয় প্রকাশ করে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করাই এ সংগঠনের প্রাথমিক লক্ষ্য ও উদ্দেশ্য।