বাণিজ্যিক সম্পর্ক নিরবচ্ছিন্ন রাখতে কাজ করছে ঢাকা-মস্কো: রুশ রাষ্ট্রদূত

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি বলেছেন, ইউক্রেন সংকটের পর রাশিয়া এবং বাংলাদেশ সুইফট সিস্টেম এড়িয়ে লেনদেন ও বাণিজ্যিক সম্পর্ক নিরবচ্ছিন্ন রাখতে বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করছে।

আজ বৃহস্পতিবার রাশিয়ান ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আলেকজান্ডার মান্তিতস্কি বলেন, 'জাতীয় মুদ্রার অদলবদল এবং তৃতীয় দেশের ব্যাংক ব্যবহারসহ বিভিন্ন বিকল্প ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে।'

'ওয়ান মান্থ অব দ্য রাশিয়া'স স্পেশাল মিলিটারি অপারেশন ইন ইউক্রেন: কজ অ্যান্ড রেজাল্ট। দ্য ওয়ার্ল্ড অব পোস্ট ট্রুথ' শীর্ষক সংবাদ সম্মেলনে ৫টি বিষয়ে আলোচনা করা হয়। বিষয়গুলো হলো- রাশিয়া-ইউক্রেন সংঘাতের পটভূমি, সংঘাত এড়ানোর লক্ষ্যে রাশিয়ার কূটনৈতিক প্রচেষ্টা, রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ফলাফল, ইউক্রেনের সামরিকীকরণ ও নাজিফিকেশনে পশ্চিমের ভূমিকা, সংঘাতের অর্থনৈতিক পরিণতি এবং রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের নতুন বাস্তবতা।

জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ২ মার্চ বাংলাদেশের ভোটদানে বিরত থাকার বিষয়ে এক প্রশ্নের উত্তরে রুশ রাষ্ট্রদূত বলেন, 'ওই ভোটের সময় প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ।'

রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন অত্যন্ত সুন্দরভাবে ভোটদানে বিরত থাকার পেছনের উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করেছেন। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।'