বাহাদুরাবাদঘাট থেকে বালাসীঘাটে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস চালু

স্টার অনলাইন রিপোর্ট

জামালপুরের বাহাদুরাবাদঘাট ও গাইবান্ধা জেলার বালাসীঘাটের মধ‍্যে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস চালু হয়েছে।

আজ শনিবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাহাদুরাবাদঘাটে পরীক্ষামূলক এ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন। এর আগে বাহাদুরাবাদঘাটে নৌটার্মিনাল ভবন উদ্বোধন করেন তিনি।

এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহাদুরাবাদঘাট ও বালাসীঘাট নৌপথের দূরত্ব ৩৯ কিলোমিটার। তার মধ‍্যে ১০ কিলোমিটার নৌ চ‍্যানেল খনন করা হয়েছে, যার প্রস্থ ৩৭ মিটার। বেসরকারি ও বিআইডব্লিউটিএর ড্রেজার দিয়ে ১৮ দশমিক ২০ লাখ ঘনমিটার খনন করা হয়েছে যার মধ্যে বেসরকারি ড্রেজার দিয়ে খনন করা হয়েছে ১৫ লাখ ঘনমিটার। এজন‍্য ব‍্যয় হয়েছে ২৫ কোটি ৩৪ লাখ টাকা।

চ‍্যানেলে বর্তমানে ৯-১০ ফুট পানি আছে বলেও জানানো হয়।