বিচারপতি নাজমুল আহাসানের সম্মানে আজ সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম স্থগিত
সুপ্রিম কোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রোববার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারিক কার্যক্রম স্থগিত করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি।
গত ৯ জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে পদোন্নতি পান বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। কিন্তু, অসুস্থতার কারণে আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নিতে পারেননি। তিনি করোনায় আক্রান্ত ছিলেন এবং ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ভোর ৬টা ১৫ মিনিটে ৬৭ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতুবরণ করেন।
আজ সকালে মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের সভাপতিত্বকালে প্রধান বিচারপতি বলেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা জানাতে আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারিক কার্যক্রম আজকের জন্য স্থগিত থাকবে।
এর আগে, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা জানাতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম এ দিনের জন্য স্থগিত রাখার অনুরোধ জানান অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
জ্যেষ্ঠ সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এএফ হাসান আরিফ, ফিদা এম কামাল, মো. মুনসুরুল হক চৌধুরী, এএফএম আব্দুর রহমান, আজমলুল হোসেন, মোমতাজ উদ্দিন ফকির, এএম মাহবুব উদ্দিন খোকন এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেলকে সমর্থন করেন এবং আপিল ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম আজকের জন্য বন্ধ রাখার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান।