বিজিবি-বিএসএফ চায় সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামুক: বিজিবি মহাপরিচালক

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, বিজিবি ও বিএসএফ উভয়পক্ষ চায় সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসুক।

সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাবের কোনো কমতি নেই বলে মন্তব্য করেন বিজিবির মহাপরিচালক।

আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব বলেন।

সারাদেশে বিজিবি'র বিভিন্ন দপ্তর পরিদর্শনের অংশ হিসেবে আজ আখাউড়ায় আসেন তিনি।

বিএসএফের বাধার মুখে আখাউড়া স্থলবন্দরে নির্মাণাধীন ইমিগ্রশেন ভবনের কাজ বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, 'সীমান্ত সংক্রান্ত কিছু আইন আছে। উভয় দেশকেই এগুলো মানতে হবে।'

বিজিবি প্রধানকে আখাউড়া চেকপোস্টের শূন্য রেখায় স্বাগত জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় উভয়পক্ষের মধ্য উপহার হিসেবে গাছের চারা বিনিময় হয়।