বিদ্যুৎ বিভ্রাট: রাজশাহীতে প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেপ্তার ২
রাজশাহীর তানোর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে ডাকা কর্মসূচি থেকে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—উপজেলার বংপুর গ্রামের সালেহ আল সারা (২৬) ও দিব্যস্থল গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ (২৪)।
আজ শুক্রবার সন্ধ্যায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জমান মিয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই ২ যুবক উপকেন্দ্রে হামলা করতে যাচ্ছিলেন, যে কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল দিবাগত রাত সাড়ে ৯টার দিকে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মোট ৬টি মোটরসাইকেলে ২০ জনের একটি দল রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির দেবীপুর উপকেন্দ্রের সামনে জড়ো হয়। তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দাবি জানায়।
এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতির তানোর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জহিরুল ইসলাম বলেন, এই অঞ্চলে ৩টির মধ্যে ২টি উপকেন্দ্রে ১ দিন পর পর সন্ধ্যা ৬টা থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। তবে সেচ বাধাগ্রস্ত হচ্ছে না।
