বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তৃতীয় ধাপের বৈঠকে সার্চ কমিটি

স্টার অনলাইন রিপোর্ট

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি মনোনীত করতে মতামত ও পরামর্শ নেওয়ার জন্য তৃতীয় ধাপে আমন্ত্রিত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি।

আজ রোববার বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়। 

আইনজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাসহ দেশের ৬০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানায় কমিটি। তিন ধাপে তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকের আগে সার্চ কমিটির প্রধান ওবায়দুল হাসান সাংবাদিকদের বলেন, পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার হিসেবে প্রস্তাবিত সকল নামের তালিকা প্রকাশ করবে সার্চ কমিটি।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, যেসব রাজনৈতিক দল এখনো নাম প্রস্তাব করেনি তারা আগামীকাল সোমবার বিকেল ৫টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম প্রস্তাব করতে পারবে। এর পরই মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নামের তালিকা প্রকাশ করা হবে।

এর আগে, শনিবার সকাল ১১টার দিকে প্রথম ধাপের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অংশ নিতে ২০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তারা হলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এম কে রহমান, ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাকসুদ কামাল, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) প্রেসিডেন্ট মুনিরা খান ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদ আলী।

তবে এই ২০ জনের মধ্যে ১৪ জনের মতো বৈঠকে অংশ নেন।

একই দিন দুপুর ১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় ধাপের বৈঠক অনুষ্ঠিত হয়।

সেসময় উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, প্রথিতযশা সাংবাদিক আবেদ খান, হামীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন।