ফেরির ধাক্কায় পদ্মা সেতুর পিলারের পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটগামী রো রো ফেরি 'বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের' ধাক্কায় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই স্থানে ঢালাই ভেঙে গিয়ে দুইটি রডও দেখা যাচ্ছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে নির্মাণাধীন সেতুর ১০ নম্বর পিলারে এ ঘটনা ঘটে।

পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের পাইল ক্যাপ এর একটি অংশ ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই স্থানে ঢালাই ভেঙে দুইটি রডও দেখা যাচ্ছে।

মাওয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল কবীর জানান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরি বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর ১০ নং পিলারের সঙ্গে ধাক্কা লেগে পিলারের দক্ষিণ-পশ্চিম কোণ ক্ষতিগ্রস্ত হয়। পিলারের রড বের হয়ে গেছে এবং ফেরির পিছনের অংশে ক্ষতি হয়। এসময় ফেরিতে থাকা একটি গম ভর্তি ট্রাক দুইটি প্রাইভেট কারের ওপর উল্টে পড়ে।

ফেরির মাস্টার দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, পিলারে ধাক্কা লাগেনি। সামনে দিয়ে শিমুলিয়াঘাটগামী একটি ট্রলার ৪-৫ জন যাত্রী নিয়ে ফেরির সামনে দিয়ে যাচ্ছিল। যা বাঁচাতে গিয়ে ফেরির পেছনের অংশ পিলারের সঙ্গে ধাক্কা লেগেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।

মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের দিকে আসছিল একটি ফেরি। পথে পদ্মা নদীর স্রোত কিংবা নিয়ন্ত্রণ রাখতে না পেরে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগে। এসময় ফেরিতে থাকা ট্রাক প্রাইভেটকারের ওপর পড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা কয়েকজন আহত হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ধাক্কাটি গুরুতর বলে জানান রাসেল মনির।

বিআইডব্লিউটিসি (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, পদ্মা সেতুর ১০ ও ১১ নম্বর পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে ৪-৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ফেরি অতিক্রম করছিল। সেই ট্রলারকে বাঁচাতে গিয়ে ফেরির পেছনের অংশটি পিলারের গায়ে ধাক্কা লাগে।

এর আগে, গত জুলাইয়ে দুই দফায় পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনা ঘটে। ২০ জুলাই পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহ মখদুমের তলা ফুটো হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি 'শাহ জালাল' পদ্মাসেতুর ১৭ নম্বর ফেরির সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়।