আখাউড়া-আগরতলা রেললাইন

বেঁধে দেওয়া সময়ে কাজ শেষ না হলে ঠিকাদার বহিষ্কার: রেলমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

আখাউড়া থেকে ভারতের আগরতলা পর্যন্ত রেললাইন নির্মাণ কাজে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সময়মতো এই কাজ শেষ করতে না পারলে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে বহিষ্কার করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ার করেছেন।

রেলমন্ত্রী আজ বৃহস্পতিবার আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত নতুন রেলপথের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন। দোরাইস্বামীও ভারতীয় ঠিকাদারের কাজের বিলম্বে অসন্তোষ প্রকাশ করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা আগামী জুনের মধ্যে মাটি ভরাট করে এ বছর ডিসেম্বরের মধ্যেই রেলপথ চালু করার ব্যাপারে রেলমন্ত্রীকে আশ্বাস দেন।

রেলমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, এই প্রকল্পে ৩ বার সময় বাড়ানো হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ করতে ব্যর্থ হলে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে বহিষ্কার করে বিকল্প ঠিকাদার নিয়োগ করা হবে হবে।

রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী এ প্রকল্প নির্মাণকাজের উদ্বোধন করেছেন। এটি দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রুট। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ৮টি ইন্টারচেঞ্জ পয়েন্টের মধ্যে ৫টি ইতোমধ্যে চালু হয়েছে। ব্যবসা-বাণিজ্য‌ ও উভয় দেশের মধ্যে যাতায়াতের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

এই রেলপথটি ভারতের অনুদানে নির্মাণ করা হচ্ছে। রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ১৫ কিলোমিটার। এর মধ্যে মাত্র ৫ কিলোমিটার ভারতের অংশ এবং বাকী বাংলাদেশ প্রান্তে। নির্মাণ এবং পরামর্শক কাজে যুক্ত রয়েছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমাকো রেল এন্ড অব ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রকল্পের অগ্রগতি সাড়ে ৫৪ শতাংশ।