বেতন বৃদ্ধির দাবিতে আজও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

স্টার অনলাইন রিপোর্ট

বেতন বৃদ্ধির দাবিতে গতকালের মতো আজ রবিবারও রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল ৮টার পর থেকেই পোশাক শ্রমিকরা মিরপুর ১৪, ১০ নম্বর গোলচত্বর ও পল্লবী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ কারণে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।'

mirpur-1.jpg
ছবি: মহিউদ্দিন আলমগীর/স্টার

আন্দোলনরত শ্রমিক শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আমাদের বেতন বাড়ছে না, কিন্তু নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। এতে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তেলের দাম ১১০ টাকা থেকে ২১০ টাকা হয়ে গেছে। চালের দামও বেড়ে গেছে। তাই বেতন বাড়ানোর দাবিতে আমরা আন্দোলন করছি।'

mirpur-3.jpg
ছবি: শাহীন মোল্লা/স্টার

এর আগে, গতকাল মিরপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সেসময় উত্তেজিত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ এবং শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।