‘ব্যবসার পরিবেশ সহজ করতে কর্তৃত্ববাদী মনোভাব পরিবর্তন করতে হবে’
সরকার কর্তৃত্বপরায়নতা পছন্দ করে যা ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে সরকারের সংস্কার প্রক্রিয়াকে থমকে দেয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ বৃহস্পতিবার এক প্রাকবাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'অথরেটিয়ান, দিস ইজ দ্য ওয়ার্ড গভর্নমেন্ট লাভ। ব্যবসার পরিবেশ সহজ করতে হলে এই কর্তৃত্বপরায়ন মনোভাব সংস্কৃতির পরিবর্তন হওয়া প্রয়োজন।'
'যেমন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি অর্থাৎ বিডা এটা হওয়া উচিত বিপা,' বলেন মন্ত্রী।
সভায় ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে কস্ট অব ডুয়িং বিজনেস বিষয়ে অনেক সমস্যার কথা তুলে ধরেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, 'ব্যবসা করার ক্ষেত্রে সমস্যা কমবেশি সব দেশে থাকে। দুর্ভাগ্যজনক বাংলাদেশে সমস্যাটা বেশি।
তিনি বলেন, 'অনেক সমস্যা আছে যা তাৎক্ষনিকভাবে সমাধান করা যায়। কিন্তু হাত দিতে গেলে ২০-২৫ জায়গায় নড়েচড়ে উঠে।'
'ভয়ে কাজটাই আর এগোয় না,' যোগ করেন তিনি।