ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলিচালক ও কৃষকের বাগবিতণ্ডা, ২ গ্রামের সংঘর্ষে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রলিতে অতিরিক্ত ধানের আটি তুলতে রাজি না হওয়ায় চালক ও কৃষকের মধ্যে বাগবিতণ্ডার জেরে ২ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল নৌকা ঘাটে শ্রীঘর ও আশুরাইল গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষ হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় নিহত নায়েব উল্লাহ (৪৫) শ্রীঘর গ্রামের শানু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, আশুরাইল গ্রামের কৃষক জালাল মিয়া তার জমির ধান কেটে নৌকায় করে ঘাটে নিয়ে আসেন। এরপর নৌকা ঘাট থেকে বাড়িতে নিতে শ্রীঘর গ্রামের ট্রলিচালক জুনায়েদের সঙ্গে চুক্তি করেন। চুক্তি শেষে ট্রলিতে ধান তোলার এক পর্যায়ে চালক জুনায়েদ অতিরিক্ত ধান তুলতে রাজি হননি। এ নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এতে চালক জুনায়েদ আহত হন।

'পরে জুনায়েদের আহত হওয়ার খবর পেয়ে শ্রীঘর গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে আশুরাইল গ্রামের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে,' বলেন ওসি।

ওসি আরও বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়। এ ঘটনায় নারী ও শিশুসহ উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নায়েব উল্লাহকে মৃত ঘোষণা করেন।'

এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানান ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার।

বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ২ পক্ষকে শান্ত করা হয়েছে। আহত এক ব্যক্তির হাসপাতালে মৃত্যুর পর দুই গ্রামের মধ্যে যেন আবার কোনো সংঘাত না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে।'