ভোরে সন্তানের জন্ম, সকালে মারা গেলেন করোনা আক্রান্ত মা
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে আজ রোববার ভোরে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন দুপচাঁচিয়া উপজেলার আটমূল গ্রামের সানজিদা বেগম (২৩)। কিন্তু নবজাতকের জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় করোনা আক্রান্ত এ মায়ের।
সানজিদার বোন ফাতেমা জানান, তার বোনের স্বামী রিকশাচালক। গতকাল শনিবার রাতে পরিবারের সদস্যরা অন্ত:সত্ত্বা সানজিদাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার করোনা শনাক্ত হলে চিকিৎসকরা তাকে কোভিড ইউনিটে স্থানান্তর করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সানজিদা আজ ভোর ৪টার দিকে একটি ছেলে সন্তানের জন্ম দেন। পরে সকাল ৯টার দিকে তিনি মারা যান।
'রোগী কোভিড-১৯ পজিটিভ ছিলেন। কোভিড ইউনিটে স্বাভাবিকভাবে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। মূলত একলাম্পসিয়ায় তার মৃত্যু হয়েছে। তবে নবজাতক সুস্থ আছে', হাসপাতালের সুপারিনটেনডেন্ট এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান।