মঙ্গলবার ফিরতে পারবেন সেন্ট মার্টিনে আটকা পড়া পর্যটকরা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটের জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রশাসন। এর ফলে মঙ্গলবার বিকেল থেকে ফিরতে পারবেন সেখানে আটকা পড়া ২ হাজার পর্যটক।

আজ সোমবার বিকেল ৪টার আবহাওয়া বুলেটিনে ৩ নম্বর সতর্ক সংকেত তুলে নেওয়ার ঘোষণার পর এই সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট (এ ডি এম) আবু সুফিয়ান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষেয়ে জাহাজ মালিক তোফায়েল আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলেও সেন্ট মার্টিনে অবস্থান করা ২ হাজারের মতো পর্যটক আজ সোমবার ফিরতে পারবেন না। সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফিরতি জাহাজ না থাকায় তাদের ফিরতে হবে মঙ্গলবার বিকেলে।'

কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, 'বিরূপ আবহাওয়ার কারণে রোববার বিকেলে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ সোমবার বিকেল ৪টায় এই সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে।'

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার সেন্ট মার্টিনে প্রায় ৫ হাজার পর্যটক ভ্রমণে আসেন। ওইদিন বিকেলে তাদের মধ্য থেকে ৩ হাজারের মতো পর্যটক ফিরে যায়। আরও ২ হাজার পর্যটক বর্তমানে সেন্ট মার্টিনে অবস্থান করছেন।

সেন্ট মার্টিন নৌরুটে চলাচলকারী কর্ণফুলি এক্সপ্রেস জাহাজের কক্সবাজারের কর্মকর্তা বাহাদুর হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, 'চলাচলে নিষেধাজ্ঞা জারি করায় আজ সোমবার কোনো জাহাজ সেন্ট মার্টিন যেতে পারেনি। বিকেল ৪টায় নিষেধাজ্ঞায় উঠিয়ে নেওয়া হলেও এই সময়ে জাহাজ গিয়ে সেন্ট মার্টিনে অবস্থান করা পর্যটকদের ফিরিয়ে আনা সম্ভব না। কাল মঙ্গলবারের ফিরতি জাহাজে তাদের নিয়ে আসা হবে।'